প্রবীর সুমন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি : খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির সহায়তায় প্রান্তিক ও অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) সকালে যুব রেডক্রিসেন্ট দীঘিনালা উপজেলা দল, খাগড়াছড়ি ইউনিটের উদ্যোগে দীঘিনালা উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে ৪০ জন প্রান্তিক ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার মো. তানজিল পারভেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা প্রেসক্লাবের সভাপতি মো. আলামিন, দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামাল জীবন এবং যুব রেডক্রিসেন্ট দীঘিনালা উপজেলা দলের সাবেক যুব প্রধান ও উপদেষ্টা হাসান মোর্শেদ রিফাত। এছাড়াও অনুষ্ঠানে যুব রেডক্রিসেন্টের সিনিয়র ও জুনিয়র সদস্যরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. তানজিল পারভেজ বলেন, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বন্যা, দুর্যোগসহ বিভিন্ন মানবিক বিপর্যয়ে প্রান্তিক মানুষের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে যুব রেডক্রিসেন্ট দীঘিনালা উপজেলার এই মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। প্রান্তিক পর্যায়ে শীতার্ত মানুষের জন্য এ ধরনের সহায়তা কার্যক্রম আরও জোরদার হওয়া প্রয়োজন। বিশেষ অতিথিদের বক্তব্যে দীঘিনালা প্রেসক্লাবের সভাপতি মো. আলামিন এবং যুব রেডক্রিসেন্ট উপদেষ্টা হাসান মোর্শেদ রিফাত রেডক্রিসেন্টের মানবিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়ে যুব রেডক্রিসেন্ট যে মানবিক দায়িত্ব পালন করছে তা সত্যিই প্রশংসার দাবিদার। এ উদ্যোগের জন্য তারা যুব সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। কম্বল পেয়ে উপকারভোগী কবাখালির হাজেরা বেগম বলেন, “আমার পরিবারে ছোট ছোট বাচ্চাসহ পাঁচজন মানুষ। শীত নিবারণের মতো পর্যাপ্ত কম্বল বা গরম কাপড় নেই। রেডক্রিসেন্টের দেওয়া এই কম্বল আমাদের জন্য অনেক উপকারে আসবে।” আরেক উপকারভোগী জামতলির জ্ঞান রঞ্জন চাকমা বলেন, “আমরা বুড়া-বুড়ি মানুষ। প্রচণ্ড শীতে খুব কষ্টে দিন কাটে। এই কম্বল পেয়ে অনেক উপকার হয়েছে।” কম্বল উপহার পেয়ে উপকারভোগী সকলেই বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পুরো কর্মসূচি জুড়ে এক মানবিক ও আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে যুব রেডক্রিসেন্ট দীঘিনালা উপজেলা দলের দলনেতা মো. জাকির হোসেন উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন। তিনি বলেন, “বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির সহায়তায় শীতার্ত মানুষের জন্য এটি আমাদের ক্ষুদ্র প্রয়াস। প্রাকৃতিক দুর্যোগসহ সকল মানবিক বিপর্যয়ে রেডক্রিসেন্ট সবসময় মানুষের পাশে থাকবে।”